দশম শ্রেণির ভূগোলের প্রথম অধ্যায়ে আমরা জানব কীভাবে পৃথিবীর বাইরের বিভিন্ন প্রাকৃতিক শক্তি—যেমন নদী, হিমবাহ এবং বায়ু—দীর্ঘদিন ধরে কাজ করে পৃথিবীর ওপরের রূপ বা ভূমিরূপের পরিবর্তন ঘটায় ।
তোমরা কি জানো, আমাদের চারপাশের পাহাড়, মালভূমি বা সমভূমি কীভাবে তৈরি হয়েছে? চলো, এই প্রাকৃতিক শক্তিগুলোর জাদুকরী কাজ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে পড়ি এবং শিখি। মন দিয়ে প্রতিটি অংশ দেখো ও পড়ো, তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুব সহজ হয়ে যাবে!
বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এর পাঁচ পর্ব
- পর্ব ১: বহির্জাত প্রক্রিয়া এবং পর্যায়ন (Concept of Exogenetic Processes & Gradation)
- পর্ব ২: নদীর কাজ এবং নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ (Work of River and Landforms)
- পর্ব ৩: হিমবাহের কাজ এবং সৃষ্ট ভূমিরূপ (Work of Glacier and Landforms)
- পর্ব ৪: বায়ুর কাজ এবং সৃষ্ট ভূমিরূপ (Work of Wind and Landforms)
- পর্ব ৫: মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজ (Combined Work of Wind and Water in Deserts)
বহির্জাত শক্তির প্রধান মাধ্যমসমূহ
নদীর কাজ 🌊
ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের মাধ্যমে ‘V’ আকৃতির উপত্যকা, জলপ্রপাত, বদ্বীপ ইত্যাদি তৈরি করে।
হিমবাহের কাজ 🧊
উচ্চ পার্বত্য ও মেরু অঞ্চলে উৎপাটন ও অবঘর্ষ প্রক্রিয়ায় ‘U’ আকৃতির উপত্যকা, সার্ক, ড্রামলিন সৃষ্টি করে ।
বায়ুর কাজ 💨
মরু ও উপকূলীয় অঞ্চলে অবঘর্ষ ও অপসারণের মাধ্যমে গৌর, ইয়ার্দাং, বালিয়াড়ি গঠন করে।
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (FAQ)
১. বহির্জাত প্রক্রিয়া কাকে বলে?
যে প্রক্রিয়া নানান প্রাকৃতিক শক্তির (যেমন নদী, হিমবাহ, বায়ু) সাহায্যে পৃথিবীর পৃষ্ঠদেশের বা সামান্য নীচের ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে ।
২. অবরোহণ ও আরোহণ বলতে কী বোঝো?
বহির্জাত শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের উঁচু স্থান ক্ষয় পেয়ে নীচু হওয়াকে ‘অবরোহণ’ বলে। অন্যদিকে, ক্ষয়প্রাপ্ত পদার্থ নীচু স্থানে সঞ্চিত হয়ে ভূমি উঁচু হওয়াকে ‘আরোহণ’ বল।
৩. পর্যায়ন (Gradation) কী?
ক্ষয়সীমার সাপেক্ষে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিভাগের প্রায় সমতলীকরণকে পর্যায়ন বলা হয় । বিজ্ঞানী চেম্বারলিন ও সলিসবরি প্রথম এই শব্দটি ব্যবহার করেন ।
৪. নদীর ক্ষয়কাজের শেষ সীমা কোনটি?
সমুদ্র জলতলকে নদীক্ষয়ের শেষ সীমা বলা হয় ।
৫. মরূদ্যান কীভাবে সৃষ্টি হয়?
বায়ুর অপসারণ প্রক্রিয়ায় মরুভূমির বালি অপসারিত হয়ে গভীর গর্তের সৃষ্টি হয়। এই গর্ত ভৌম জলস্তর পর্যন্ত পৌঁছালে সেখানে জলাশয় ও গাছপালা জন্মে মরূদ্যান সৃষ্টি হয় ।
