কোম্পানির শাসনের অবসান ও মহারানির ঘোষণাপত্র
১৮৫৭ সালের বিদ্রোহ দমন করার পর ব্রিটিশ পার্লামেন্ট বুঝতে পারে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আর ভারতের শাসনভার রাখা নিরাপদ নয়। তাই ১৮৫৮ খ্রিস্টাব্দে ‘ভারত শাসন আইন’ পাস করে কোম্পানির শাসনের চিরতরে অবসান ঘটানো হয়। ভারতের শাসনভার সরাসরি নিজের হাতে তুলে নেন মহারানি ভিক্টোরিয়া এবং লর্ড ক্যানিং হন ভারতের প্রথম ভাইসরয় (রানির প্রতিনিধি)।
এরপর ১ নভেম্বর ১৮৫৮ খ্রিস্টাব্দে এলাহাবাদে মহারানি ভিক্টোরিয়া এক ঘোষণাপত্র পাঠ করেন। এতে বলা হয় যে, ব্রিটিশরা আর ভারতে সাম্রাজ্য বিস্তার করবে না, দেশীয় রাজাদের দত্তক নেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং সরকার ভারতীয়দের ধর্মীয় ও সামাজিক বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। যদিও এই প্রতিশ্রুতিগুলোর বেশিরভাগই বাস্তবে পালিত হয়নি।
সভাসমিতির যুগ (Age of Associations)
উনিশ শতকে ভারতে (বিশেষ করে বাংলায়) পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে এক নতুন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব হয়। তাঁরা বুঝতে পারেন যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে গেলে ঐক্যবদ্ধ রাজনৈতিক সংগঠন দরকার। এই সময়েই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে:
- বঙ্গভাষা প্রকাশিকা সভা (১৮৩৬ খ্রি.): রাজা রামমোহন রায়ের অনুগামীদের উদ্যোগে প্রতিষ্ঠিত এটিই ছিল ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন। এর সভাপতি ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য।
- জমিদার সভা (১৮৩৮ খ্রি.): দ্বারকানাথ ঠাকুর ও রাধাকান্ত দেবের উদ্যোগে প্রতিষ্ঠিত এই সভার মূল লক্ষ্য ছিল জমিদারদের স্বার্থরক্ষা করা। অনেক ঐতিহাসিক একেই ভারতের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন বলেন।
- হিন্দুমেলা (১৮৬৭ খ্রি.):নবগোপাল মিত্র (যাঁকে ন্যাশনাল মিত্র বলা হতো), রাজনারায়ণ বসু এবং দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। প্রথমে এর নাম ছিল ‘চৈত্রমেলা’। এর উদ্দেশ্য ছিল হিন্দুধর্মের গৌরব প্রচার এবং দেশীয় ভাষায় শিক্ষাদান।
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও ভারতসভা (১৮৭৬ খ্রি.)
উনিশ শতকের রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভারতসভা (Indian Association)। ১৮৭৬ খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রীর উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাঁকে ‘বাংলার মুকুটহীন সম্রাট’ বলা হয়, তাঁর নেতৃত্বে ভারতসভা সিভিল সার্ভিস পরীক্ষার বয়স কমানো, লর্ড লিটনের ‘দেশীয় ভাষায় সংবাদপত্র আইন’ (১৮৭৮) এবং ‘অস্ত্র আইন’-এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে। এছাড়া ১৮৮৩ সালে ইলবার্ট বিল (যে বিলে ভারতীয় বিচারকদের শ্বেতাঙ্গদের বিচার করার অধিকার দেওয়া হয়েছিল) বিতর্কেও ভারতসভা প্রবল জনমত গঠন করেছিল।
মহারানির ঘোষণাপত্র ও সভাসমিতির যুগ তথ্যমালা ও ক্যুইজ
নিচের তথ্যমালা বা নলেজ স্লাইডগুলো ভালো করে পড়ো। এখানে তোমাদের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ শব্দ (যেমন- ভারতসভা, হিন্দুমেলা, ইলবার্ট বিল) এবং নেতাদের সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এগুলো মনোযোগ দিয়ে পড়লে বা শুনলে তোমার সম্যক ধারনা হয়ে যাবে এবং পরীক্ষার পরিপেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্যুইজ সম্পর্কে: উনিশ শতকের বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, তাদের প্রতিষ্ঠাতা এবং মহারানির ঘোষণাপত্র সংক্রান্ত এই ক্যুইজটি খেলে মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো।
Total Slides: 6
Total Questions: 23 | Total Marks: 35
